চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কটাপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট গোঠাপাড়া গ্রামের মো. ইসাহাকের ছেলে মো. শিহাব উদ্দীন (২২)।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করার পর তাদের হেফাজত থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।