বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ১০২ কারখানায় ছুটি ও বন্ধ

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

জাতীয়

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ১০২ কারখানায় ছুটি ও বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে দুই মহাসড়কেই যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি স্থানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

শ্রমিক বিক্ষোভের পর পরিস্থিতি বিবেচনায় ভোগড়া, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছে গাজীপুর শিল্প পুলিশ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নেন। তেলিরচালা, মেম্বারবাড়ি, বাঘের বাজার, নতুন বাজার ও কোনাবাড়িসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন লগোজ অ্যাপারেল কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হলে সকাল পৌনে ১০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি, বাঘের বাজার ও নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

পরে শিল্প পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।