তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০টি
তথ্য কমিশন পুনর্গঠনের পর প্রথম চার দিনের কার্যক্রমে তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা ২৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি পাঁচটি অভিযোগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) এক দিনে সাতটি অভিযোগের শুনানি গ্রহণ করে কমিশন। এসব অভিযোগের মধ্যে পাঁচটি নিষ্পত্তি করা হয় এবং দুটি অভিযোগের শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানিতে অংশ নিয়ে অভিযোগগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেন।
শুনানিতে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েও না পাওয়ার বিষয়গুলো উঠে আসে। অভিযোগগুলোর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি, ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন ও উপকারভোগীদের তালিকা সংক্রান্ত তথ্য উল্লেখযোগ্য।
এ ছাড়া পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, সভার নোটিশ এবং গৃহীত সিদ্ধান্তের তথ্য সরবরাহ না করার অভিযোগও শুনানিতে উপস্থাপন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগ নিয়েও কমিশনে আবেদন করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তথ্য অধিকার আইনের আওতায় এসব অভিযোগের শুনানি গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে কমিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে।