ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন: এক প্ল্যাটফর্মেই মিলবে সব সমস্যার সমাধান
নাগরিক দুর্ভোগের দ্রুত নিরসন, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে এক প্ল্যাটফর্মেই সব ধরনের নাগরিক সমস্যার সমাধান পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত 'সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময় সভায়' প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সোমবার (২৩ নভেম্বর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
ববি হাজ্জাজ জানান, গঠিত এসব নাগরিক কমিটিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ কমিটির প্রতিনিধিদের পাশাপাশি বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা এবং ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সব সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন। ফলে এলাকাবাসী সরাসরি নিজেদের সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবেন।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় কিংবা সরকারের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি বা কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ এমন অন্যায় করলে তা সরকার, এলাকা ও দেশের জন্য চরম ক্ষতিকর।
অপরাধ দমনে কেবল আলোচনায় সীমাবদ্ধ না থেকে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে তাঁকে বা তাঁর কার্যালয়কে জানানোর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী এখনো মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাঁদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেন ববি হাজ্জাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এসব নাগরিক কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হওয়ার পাশাপাশি ঢাকা-১৩ আসনকে একটি নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসআরবির প্রতিনিধি এবং মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।