যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা: ৭ শর্ত না মানলে আলোচনা নয়
ইরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা নতুন পদক্ষেপে যাবে না তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার এক উন্মুক্ত অধিবেশনে ইরানের এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও হুমকি সত্ত্বেও ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তাঁর ভাষ্য, ইরানি জনগণকে হুমকি দেওয়া, অবমাননাকর মন্তব্য করা এবং অর্থনৈতিক চাপ বাড়ানোর হুমকি ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ।
ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করে বলেন, আগে ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না তেহরান। সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার প্রশ্নই আসে না।
তিনি আরও সতর্ক করে বলেন, প্রতিপক্ষ কোনো ভুল হিসাব করলে ইরান তার কঠোর জবাব দেবে। প্রয়োজন হলে যুদ্ধের ভৌগোলিক পরিসরও পরিবর্তন করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ইরানি কর্মকর্তারা এর আগেও সাতটি শর্তকে দেশের বৈধ অধিকার হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, চাপ কিংবা হুমকি দিয়ে এসব শর্ত থেকে তেহরানকে সরানো সম্ভব নয়।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও একই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সাতটি শর্ত অস্বাভাবিক কোনো দাবি নয় এবং এগুলো শুধু আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবেও বিবেচিত হওয়া উচিত নয়। বরং এগুলো ইরানি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
চলমান সংঘাতের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে অচলাবস্থা কাটাতে তেহরান যে শর্তগুলো দিয়েছে, তার মধ্যে রয়েছে সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ ইরানি সম্পদ মুক্ত করা এবং ভবিষ্যতে ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা।
এদিকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দুই দিনের একটি রোডম্যাপের প্রস্তাবও দিয়েছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং বিদেশে জব্দ ইরানি সম্পদ মুক্ত করলে ৪৮ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করা সম্ভব হতে পারে।
তবে ইরানের এসব শর্ত এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে সমঝোতা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে দুই দেশের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।