মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা সমাজের প্রধান বৈশিষ্ট্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার রাজধানীর মহাখালীর কড়াইলের বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে পুনর্নির্মিত বাসার চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাতটি পরিবারের হাতে নতুন বাসার চাবি তুলে দেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী তরুণ শাহরিয়ার রহমান শুভ্রের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, বিপদের সময়ে সরকার ও সংশ্লিষ্টরা তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। শাহরিয়ারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল উল্লেখ করে তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্য—মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সহমর্মিতা জানান।
গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নিহত হন। আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাসা পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং কড়াইলের বাসিন্দারা উপস্থিত ছিলেন।