মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

জাতীয়

মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর আহ্বান

দেশের মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে এ খাতের বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। দেশে বর্তমানে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগও রয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাত দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখত। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও খাতটি কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছে না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নদী-খাল পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে পানির প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ নদী এবং মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এতে মাছের প্রজনন পরিবেশ উন্নত করার পাশাপাশি সামগ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সহায়তা পাওয়া যাবে।

মৎস্য খাতকে এগিয়ে নিতে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি এ খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।

কর্মশালায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ করেন। 

আরো জানুন ---তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০টি