বিশ্ববাজারে তেলের দামে ফের পতন, তিন মাসের সর্বনিম্নের কাছে

অনলাইন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দামে ফের পতন, তিন মাসের সর্বনিম্নের কাছে ছবি-সংগৃহীত

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আবারও পতন হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো কমেছে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দর। সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং চাহিদার তুলনায় বাজারে তেলের পরিমাণ বেশি হয়ে যাওয়ার আশঙ্কাই মূলত দামের ওপর চাপ তৈরি করছে। তবে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত প্রায় তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে যায়।

সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে দাঁড়ায়। এর আগের দিনের লেনদেন শেষে ৩১ আগস্টের পর সর্বনিম্ন দামে অবস্থান করেছিল ব্রেন্ট।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে নেমে আসে। দিনের শুরুতে এই তেলের দাম ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়েও চলে গিয়েছিল।

সরবরাহ নিয়ে বাড়ছে স্বস্তি

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার মনে করেন, সাম্প্রতিক কয়েক দিনে ব্রেন্টের দাম বৃদ্ধির প্রবণতা বেশ দুর্বল হয়েছে। হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ থাকলেও তেলের সরবরাহ ব্যবস্থা এখন পর্যন্ত বড় ধরনের ধাক্কা খায়নি।

তার মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সমুদ্রপথে পণ্য পরিবহন নিয়ে ঝুঁকির পাশাপাশি বিনিয়োগকারীরা বাজারে ভবিষ্যতে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনাকেও গুরুত্ব দিয়ে দেখছেন।

তবে বাজার পরিস্থিতি যেকোনো সময় উল্টে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

হরমুজ ঘিরে নতুন উদ্বেগ

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ডের নৌবাহিনীর দাবি অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে। জাহাজগুলো নির্ধারিত নিয়ম ভঙ্গ করছিল বলেও দাবি করেছে বাহিনীটি।

অন্যদিকে, ইরান ৫০টি পর্যন্ত জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

লিবিয়ায় আবার চালু তেল সরবরাহ

এদিকে লিবিয়ার শারারা তেলক্ষেত্রের পাইপলাইন পুনরায় চালু হয়েছে। একটি অবৈধ গোষ্ঠী ভালভ বন্ধ করে দেওয়ায় পাইপলাইনটি সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল।

লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারম্যান সোমবার রয়টার্সকে জানান, জাওইয়ায় আকাকুস স্থাপনার তেল সংরক্ষণ ট্যাংকে আবারও অপরিশোধিত তেল প্রবেশ করতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন অঞ্চলে সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে। তবে বাজার এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি।

এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেন, তেলের মজুত ও পরিশোধিত জ্বালানির সরবরাহ কিছুটা বাড়লেও বাজারে চাপ এখনো যথেষ্ট রয়েছে। তেলের দাম, সরবরাহের ব্যবধান, পরিশোধনাগারের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান—এসব সূচকে বাজার কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে। তবে পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো বাধা রয়েছে এবং তেলের মজুতও পর্যাপ্ত পর্যায়ে পৌঁছেনি।

অতিরিক্ত সরবরাহের আশঙ্কা

ডয়চে ব্যাংকের এক গবেষণা অনুযায়ী, গত অক্টোবর মাসে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত প্রায় ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ ওই মাসে দৈনিক গড়ে চাহিদার তুলনায় প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি তেল সরবরাহ হয়েছে।

ব্যাংকটির বিশ্লেষণে বলা হয়েছে, বৈশ্বিক তেলবাজারে সরবরাহ ও চাহিদার ব্যবধান ধীরে ধীরে কমছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত তেল জমার প্রবণতারও প্রমাণ মিলছে। তবে নতুন কোনো সরবরাহ বিঘ্ন দেখা দিলে এই ভারসাম্য ফের ব্যাহত হতে পারে।

এদিকে রয়টার্সের সাম্প্রতিক এক প্রাথমিক জরিপে ধারণা করা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানি পণ্যের মজুত বেড়ে থাকতে পারে।