আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সতর্কতা, সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি
ছবি-সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
রোববার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
মোতায়েনের পর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত সমন্বয়ের জন্য সদর দপ্তরের মনিটরিং সেল সক্রিয় রয়েছে। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি থেকে পাওয়া লাইভ ফুটেজের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও বিজিবি সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।