বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
ছবি-সংগৃহীত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১১২ কর্মীকে নিয়ে প্রথম ফ্লাইট বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, প্রথম দফায় মালয়েশিয়ায় যাওয়া ১১২ কর্মী দেশটির ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দেবেন। তাদের বিমান ভাড়া, ভিসা ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে কর্মীদের বিদেশযাত্রার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মীকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার কর্মীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।
সরকারের উদ্যোগে কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মীদের ওপর আর্থিক চাপ না রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম ফ্লাইটের মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।