সংবাদ শিরোনাম

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, আধিপত্য বিরোধে হিংসা

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, আধিপত্য বিরোধে হিংসা

খুলনা ব্যুরো :

বাগেরহাটের সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে রবিবার দিবাগত গভীর রাতে (১৬ ফেব্রুয়ারি)   যুবদল নেতা মো. আলীমুজ্জামানের বসতবাড়িতে আগুন লাগে। এতে তাঁর কাঠ ও টিনশেডের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আলীমুজ্জামানের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১০ লাখ টাকা।

আলীমুজ্জামান, যিনি বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত তার ঘরে আগুন লাগিয়ে দেয়। তিনি বলেন, “আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। মুহূর্তেই আমরা জীবন বাঁচাতে বাইরে বের হতে বাধ্য হই।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভায়। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এছাড়া নির্বাচনী সংঘর্ষের প্রেক্ষাপটে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলায় জামায়াত ও বিএনপির সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে।