প্রকৌশলীদের শুভেচ্ছায় সিক্ত খুলনা-৩ এর নবনির্বাচিত সাংসদ বকুল
খুলনা ব্যুরো :
১৩ ফেব্রুয়ারী শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীদের পক্ষ থেকে নবনির্বাচিত খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল-কে শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান।
অনুষ্ঠানে প্রকৌশলীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং খুলনা-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং টেকসই নগর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে এলাকাবাসী আরও বেশি উপকৃত হবেন।
এ সময় এমপি বকুল প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নয়ন কার্যক্রমে পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুলনা-৩ আসনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরাঞ্চলে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।