সংবাদ শিরোনাম

কয়রায় নির্বাচন পরবর্তী কুশল বিনিময়ে বাপ্পী, উন্নয়নের অঙ্গীকার

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন   |   খুলনা

কয়রায় নির্বাচন পরবর্তী কুশল বিনিময়ে বাপ্পী, উন্নয়নের অঙ্গীকার

খুলনা ব্যুরো :

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, নির্বাচিত না হলেও—কয়রা-পাইকগাছার মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করে নিজেকে প্রমাণ করবেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়রা উপজেলার উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি, কয়রা সদর, মহারাজপুর, মহেশ্বরীপুর, বাগালী ও আমাদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত দুই মাস দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকেই ব্যক্তিগত অর্থ ব্যয় করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের এ ত্যাগের ঋণ শোধ হওয়ার নয় উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বাপ্পী অভিযোগ করেন, জামায়াত প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের মতো ঘটনার। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, জনসাধারণের ওপর কোনো ধরনের হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধারণ ও উসকানিতে পা না দেওয়ার নির্দেশ দেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো বিপদে-আপদে বিএনপি পাশে থাকবে। নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানিয়ে তিনি অন্যায় আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।