সংবাদ শিরোনাম

খুলনায় মহান শহিদ ও আন্তর্জাতিক ভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় মহান শহিদ ও আন্তর্জাতিক ভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

খুলনা ব্যুরো :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।

সভায় জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা করার জন্য জেলার সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ২১ ফেব্রুয়ারির কর্মসূচিতে যথাযথভাবে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নগরীর শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। মহান শহিদ দিবসে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর সব মসজিদে ভাষা শহিদদের রূহের মাগফেরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. তাছলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।