সংবাদ শিরোনাম

বাগেরহাটের ৪ আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটের ৪ আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে এবার ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে মোট বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংখ্যার হিসাবে যা অর্ধেকের বেশি এবং শতাংশের হিসেবে ৬০ দশমিক ৮৬।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী আইন (আরপিও) অনুযায়ী মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। চারটি আসনের মধ্যে বাগেরহাট-১ আসনে সর্বোচ্চ ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন।

বাগেরহাট-১ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৪ হাজার ৮৭১টি। আটজন প্রার্থীর মধ্যে ছয়জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান। বাগেরহাট-২ আসনে মোট বৈধ ভোট ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৯৬। চারজন প্রার্থীর মধ্যে একজন জামানত হারিয়েছেন।

বাগেরহাট-৩ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৬২৫। পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে বাগেরহাট-৪ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে চারজন প্রয়োজনীয় ভোট পাননি।

এদিকে বাগেরহাট-৪ আসনের এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণা শেষে ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত ও দলীয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার এসব তথ্য নিশ্চিত করেছেন।#