সংবাদ শিরোনাম

খুলনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনু্ষ্ঠিত

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির  সভা অনু্ষ্ঠিত

খুলনা ব্যুরো  :

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা ১৫ ফেব্রুয়ারি  রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: খায়রুল আনাম বলেন, সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। রপ্তানিযোগ্য চিংড়িতে জেলি পুশ ইন প্রতিরোধে মৎস্য বিভাগকে সহযোগিতার কথাও জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম জানান, জেলায় আমন চাষে ৯৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ইরি চাষে ৯২ শতাংশ অর্জনের আশা করা হচ্ছে। কৃষিকাজের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলেও তিনি জানান।

জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান জানান, অবৈধ জাল উদ্ধার অভিযানে ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইলকোর্ট পরিচালনা করে ৩৬৬টি জাল ধ্বংস এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চিংড়িতে জেলি পুশ প্রতিরোধে ১৮টি অভিযান ও দুইটি মোবাইলকোর্টে সাড়ে ৩৮ কেজি পুশ বিনষ্ট এবং সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইসলামিক ফাউন্ডেশন যাকাত বোর্ডে যাকাত প্রদানের আহ্বান জানিয়েছে, যা আয়করমুক্ত সুবিধার আওতায় রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।