খুলনা ৫ আসনে আলি আসগর লবি জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলি আসগর লবি বলেছেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণই হবে তার প্রথম কাজ। বিশেষ করে বিল ডাকাতিয়া ও আশপাশের ডুমুরিয়া উপজেলা এবং ফুলতলা উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সাম্প্রতিক নির্বাচনে তিনি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিজয়ের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে লবি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোই তার কাজের মূল দিকনির্দেশনা হবে। “আমৃত্যু ডুমুরিয়া-ফুলতলার মানুষের সঙ্গে থাকব”—এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, বিল ডাকাতিয়াকে বাসযোগ্য ও উৎপাদনমুখী অঞ্চলে রূপান্তরে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। ১২ মাস ফসল উৎপাদন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃষিপণ্যের সংরক্ষণাগার এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ‘সাদা সোনা’খ্যাত চিংড়ির মানোন্নয়নেও নেওয়া হবে বিশেষ উদ্যোগ।
উন্নয়ন পরিকল্পনায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, আধুনিক রেস্ট হাউজ, আইটি পার্ক নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দেন।
বিজয়ের পর থেকে কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত লবি ২০০১ সালে খুলনা-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।