খুলনায় ভালোবাসা দিবসে সুন্দরবন দিবস পালিত
খুলনা ব্যুরো :
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা বলয় ও জীববৈচিত্র্যের অনন্য ভাণ্ডার সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১৪ ফেব্রুয়ারি) পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস’। দিবসটি উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ উপকূলীয় বিভিন্ন জেলায় আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও অবৈধ বনজ সম্পদ আহরণের কারণে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন নানা হুমকির মুখে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলকে রক্ষায় এ বন অগ্রণী ভূমিকা রাখছে। তাই সুন্দরবন সংরক্ষণ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন-জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
২০০১ সাল থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি দেশে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। পরিবেশবিদরা মনে করেন, দিবসটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে টেকসই বন ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।
বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং দখল-দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, প্রাকৃতিক এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।