কচুয়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
খুলনা ব্যুরো :
বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।
নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ওসমান সরদারকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনায় পাঠানো হয়।
নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন, প্রতিপক্ষের সমর্থকরা তাদের খুঁজতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, আহত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিদ্রোহী প্রার্থী ছিলেন এম এ এইচ সেলিম। তবে আসনটিতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।