রমজানকে সামনে রেখে পণ্যমূল্য স্থিতিশীলতা ও ভেজাল প্রতিরোধে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ।
সভায় বক্তারা বলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, প্রশাসন ও ভোক্তাদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও দূষণ প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে এবং কোনো প্রকার অনিয়ম দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।