শিবগঞ্জে র্যাবের বড় অভিযান: ৬ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। র্যাবের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় বড় ধরনের নাশকতা ও অশান্তি সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা এসব বিস্ফোরক মজুত করেছিল। র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শিবগঞ্জ থানার পাড়ঘোড়াপাখিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভেতর মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কিছু সন্দেহজনক বস্তু পড়ে আছে।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ওপর তিনটি আলাদা পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অন্যান্য সরঞ্জাম:
বিস্ফোরক দ্রব্য ছাড়াও বোমা তৈরির বিপুল পরিমাণ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
১ কেজি ৭০০ গ্রাম ছোট পাথর
১ কেজি ৪০০ গ্রাম কাঁচের গুঁড়া
৩৮৫ গ্রাম লোহার পেরেক
১২টি লাল রঙের কসটেপ
৩১টি প্লাস্টিকের জর্দার কৌটা
২৯টি গ্যাস লাইটার
০১টি বাটন মোবাইল ফোন
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলের আশেপাশে কাউকে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্ত পরিবেশকে অস্থিতিশীল করতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই এই শক্তিশালী বিস্ফোরকগুলো সেখানে মজুদ করা হয়েছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ মিডিয়া সেল জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধীদের ধরতে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।