সংবাদ শিরোনাম

সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে, সুষ্ঠ ভোট নিশ্চিতে প্রিজাইডিং কর্মকর্তা বদল

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   রাজশাহী

সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে, সুষ্ঠ ভোট নিশ্চিতে প্রিজাইডিং কর্মকর্তা বদল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৫১৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ সকালে সংশ্লিষ্ট উপজেলাগুলো থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা পরিবর্তন করেছে প্রশাসন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, বিকেলের মধ্যে সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে এবং আগামীকাল যথাসময়ে ভোটগ্রহণ শুরু হবে। নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে ২২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্যরা নিরাপত্তার চাদরে রাখবে পুরো জেলাকে। দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এবার জেলার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা পরিবর্তনের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, কোনো প্রার্থীর অভিযোগে নয় বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কতজন কর্মকর্তাকে বদল করা হয়েছে, সেই সংখ্যাটি তিনি প্রকাশ করেননি।