সিরিকে হামলার জবাব বাহরাইনে, মার্কিন রাডার স্থাপনা লক্ষ্য করে ইরানের আঘাত
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি, ইরানের সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ হামলার তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের মহাকাশ বাহিনী।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্বদিকে অবস্থিত সিরিক শহর। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।