তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

অনলাইন ডেক্স
০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আন্তর্জাতিক

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা এবং অংশীদারির বহুমুখী দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের (ডিউক অব এডিনবরা) স্ত্রী।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবদান এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণ সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন ডাচেস সোফি। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ আয়োজনের মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।

এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের নিয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন ডাচেস সোফি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করবেন তিনি।

ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে জোরপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চলমান সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি শরণার্থীশিবিরে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় স্থিতিশীলতা বাড়াতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।