সিরিশ কাগজ কেলেঙ্কারি নিয়ে ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলনে বিস্ফোরক প্যাট কামিন্স

ক্রীড়া ডেক্স
১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

খেলাধুলা

সিরিশ কাগজ কেলেঙ্কারি নিয়ে ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলনে বিস্ফোরক প্যাট কামিন্স

সিরিশ কাগজ কেলেঙ্কারির আট বছর পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার ক্রিকেটকে। ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। বইটিতে তিনি দাবি করেছেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের আরও কয়েকজন খেলোয়াড় অবগত ছিলেন।

খাজার এমন দাবির জবাব দিতে সংবাদমাধ্যমের সামনে দীর্ঘ সময় কথা বলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এক ঘণ্টা আট মিনিট ৩৪ সেকেন্ডের ‘ম্যারাথন’ সংবাদ সম্মেলনে তিনি খাজার বক্তব্যকে ‘পুরোপুরি উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে বন্ধুর এমন মন্তব্যে নিজের ক্ষোভ ও হতাশার কথাও জানান।

শুক্রবার সকালে সিডনিতে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, খাজা যদি বোঝাতে চান যে মাঠে সিরিশ কাগজ ব্যবহার করে বল বিকৃতির বিষয়ে দলের সবাই জানতেন, তাহলে তিনি পুরোপুরি ভুল। গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন—ঘটনাটি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।

কামিন্স বলেন, খাজা আরও গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, কামিন্সসহ দলের অন্য কয়েকজন সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। অস্ট্রেলীয় অধিনায়কের ভাষায়, এ ধরনের দাবি ‘পুরোপুরি উদ্ভট’।

খাজার বক্তব্যে নিজের বিস্ময়ের কথাও জানান কামিন্স। তিনি বলেন, এই সপ্তাহে জানতে পারেন, সিরিশ কাগজ ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক হতে বলেছিলেন খাজা। বিষয়টি তাকে সত্যিই অবাক করেছে। গত আট বছরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি পুনর্গঠনে খাজার যে ভূমিকা ছিল, তার সঙ্গে সাম্প্রতিক বক্তব্যের কোনো মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

বন্ধুত্বের প্রসঙ্গ টেনে কামিন্স বলেন, উসমান তার বন্ধু। তবে বন্ধুর জীবন ও সুনাম নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত নয়। তার মতে, খাজার বইয়ে শুধু তার নিজের নয়, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়েও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে।

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির পেছনে কোনো দলীয় পরিকল্পনা ছিল না বলেও দাবি করেন কামিন্স। তিনি বলেন, অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো ‘মহাপরিকল্পনা’ ছিল না। বৈধ পদ্ধতি থেকে হঠাৎ সিরিশ কাগজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল—বিষয়টি এমন কোনো পূর্বপরিকল্পনার অংশ ছিল না। এমনকি বোলারদের মধ্যেও এ বিষয়ে কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি।

তবে ওই সময়ের অস্ট্রেলিয়া দলের আচরণ নিয়ে আত্মসমালোচনা করেছেন কামিন্স। তার মতে, মাঠে দলের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে খেলোয়াড়েরা যেভাবে কথা বলতেন, তা তার কাছে ভালো লাগত না। দলের মধ্যে তখন কিছুটা ঔদ্ধত্য ও অশোভন আচরণ ছিল বলেও স্বীকার করেন তিনি।

খাজার অভিযোগের কিছু অংশ সত্য হতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি কামিন্স। তবে সিরিশ কাগজ কেলেঙ্কারির সঙ্গে পুরো দল বা সবাই জড়িত ছিলেন—এমন দাবি তিনি মেনে নিতে রাজি নন।