মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

অনলাইন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ ছবি-সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে সংঘর্ষে জড়িত দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

স্থানীয় সময় রোববার গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এবং পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে। একটি ট্রেন রাজধানী কায়রো থেকে ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অপর ট্রেনটির গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলীয় আসওয়ান। চলন্ত অবস্থায় দ্বিতীয় ট্রেনটি একই লাইনে থাকা প্রথম ট্রেনের পেছনের অংশে আঘাত করলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাতে সরকারি কৌঁসুলির কার্যালয়ের তদন্তকারী দল ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কায়রো-আসওয়ানগামী ট্রেনটির শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম রুটের ট্রেনটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। আল-আইয়াতের কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। তারা আহতদের বের করে আনতে সহযোগিতা করেন এবং দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

জামালের দাবি, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হতে দেখেছেন। দুর্ঘটনাকবলিত একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন বলেও জানান তিনি। পরে উদ্ধারকারীরা তাদের মৃত অবস্থায় পান।

দুর্ঘটনার পর মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টিও জানিয়েছেন।

এদিকে মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং ভারী ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে রেলপথ দ্রুত সচল করার পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিসরে রেল দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে দেশটির রেলওয়ে অবকাঠামোর দুর্বলতা, ব্যবস্থাপনার ঘাটতি এবং রক্ষণাবেক্ষণের সমস্যা নিয়ে সমালোচনা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে সরকার।

আল-আইয়াত এলাকাতেও এর আগে দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে একই এলাকায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন চালক ও তার সহকারী আহত হন।

মিসরের ইতিহাসে ভয়াবহ রেল দুর্ঘটনাগুলোর একটি ঘটে ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণাঞ্চলের পথে চলা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। ওই ঘটনায় ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

সূত্র: এএফপি, রয়টার্স