মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মরিশাসে কর্মস্থলে কাচের প্যানেলভর্তি ভারী একটি বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবা জুয়েদ ইসলাম (২৫)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই তিন শ্রমিক একটি কনটেইনার থেকে ৪১টি কাচের পাত রাখা একটি ভারী বাক্স বের করছিলেন। প্রতিটি কাচের পাতের আকার ছিল প্রায় ৬ ফুট বাই ৮ ফুট। এ সময় হঠাৎ ভারী বাক্সটি উল্টে শ্রমিকদের ওপর পড়ে যায়।
কাচের পাতসহ বাক্সটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার শেষে তিন বাংলাদেশির মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে নেওয়া হয়।
দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ল্য ডেফি মিডিয়া ও ল্য মরিসিয়েন