গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের ‘রেড লাইন’ বিক্ষোভ

ডেক্স নিউজ
০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের ‘রেড লাইন’ বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও বেসামরিক মানুষের প্রাণহানির প্রতিবাদে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করা এবং দেশটির কাছে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধের দাবিতে রোববার (৮ নভেম্বর) রাজপথে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ।

‘রেড লাইন’ নামে আয়োজিত এ কর্মসূচিতে আমস্টারডামের বিভিন্ন সড়ক বিক্ষোভকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের একটি বড় অংশ লাল পোশাক পরেছিলেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নেন।

বিক্ষোভের অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে নেদারল্যান্ডস সরকারকে আরও কঠোর ও কার্যকর অবস্থান নিতে হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা পুনর্বিবেচনার দাবিও তোলা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার এখনো প্রত্যাশিত কঠোর পদক্ষেপ নেয়নি।

কর্মসূচির সময় আমস্টারডামের একটি সড়কের পাশে বাসস্টপ থেকে এক ব্যক্তি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন। তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিলে মিছিলে থাকা অনেক বিক্ষোভকারীও তাতে কণ্ঠ মেলান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাত এবং বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রয়েছে।

নেদারল্যান্ডসে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ অবশ্য নতুন নয়। এর আগেও আমস্টারডাম ও হেগে একই দাবিতে ‘রেড লাইন’ কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। এসব কর্মসূচিতে গাজায় যুদ্ধ বন্ধ, বেসামরিক মানুষের সুরক্ষা এবং ইসরায়েলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সহযোগিতা সীমিত করার দাবি উঠে এসেছে।

সূত্র: আল-জাজিরা