তুরস্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মন্ত্রী-নেতারা

ডেক্স নিউজ
১৩ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

জাতীয়

তুরস্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মন্ত্রী-নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP31) এ অংশগ্রহণ শেষে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানানো হয়। এসময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে ছিলেন ।-পিআইডি

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি আন্তালিয়া ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।

ঢাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নেন। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি।

সম্মেলনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান। পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও আলোচনায় স্থান পায়। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু অভিযোজন, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। এ সময় উজবেক প্রেসিডেন্ট তাঁকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের শুরুতে সফরের আশা প্রকাশ করেন।

এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সফরের বিভিন্ন বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া আন্তালিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

তথ্য সূত্র: বাসস