সংবাদ শিরোনাম

সীমান্তে গোলাগুলির জেরে উত্তেজনা; বেসামরিক একজন নিহত, আহত পাঁচ

আফগানিস্তানে পাকিস্তানের পাল্টা হামলা, একাধিক সামরিক চৌকি ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেক্স
৩০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক

সীমান্তে গোলাগুলির জেরে উত্তেজনা; বেসামরিক একজন নিহত, আহত পাঁচ

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় দেশটির তালেবান বাহিনীর একাধিক সামরিক চৌকি ও স্থাপনা ধ্বংসের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র।

শুক্রবার (৩০ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, গত ২৭ অক্টোবর আঙ্গুর আদ্দা এলাকায় আফগান বাহিনীর সদস্যরা বিনা উসকানিতে গুলি চালায়। এর জবাবে সীমান্তের ওপারে আফগান তালেবানের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। অভিযানের সময় তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে সরে যায় বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন তালেবান সদস্য হতাহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দা এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে আফগান বাহিনী। এ সময় একটি মর্টার শেল জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

দক্ষিণ ওয়াজিরিস্তানের নিম্নাঞ্চলের ডেপুটি কমিশনারের তথ্য অনুযায়ী, আঙ্গুর আদ্দা বাজার ও আশপাশের আবাসিক এলাকায় চালানো ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হন। এ ছাড়া কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ডেপুটি কমিশনার আরও জানান, ঘটনার পর সীমান্তে মোতায়েন পাকিস্তানি বাহিনী পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনী সীমান্তের ওপারে আফগান তালেবানের একাধিক চৌকি ধ্বংস করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে আফগান কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।