ফ্যামেলী কার্ডের দায়িত্বে আমি, গ্যারান্টি সব মা-বোন কার্ড পাবেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

রাজশাহী

ফ্যামেলী কার্ডের দায়িত্বে আমি, গ্যারান্টি সব মা-বোন কার্ড পাবেন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর বিএনপির সহসভাপতি ও পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমানুল্লাহ আল মাসুদ বলেছেন, ‘সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনাদের ফ্যামেলী কার্ড দেওয়া। আপনাদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা সব মা-বোন ফ্যামেলী কার্ড পাবেন। নাচোল উপজেলার ফ্যামেলী কার্ডের দায়িত্বে আমি আছি। ইনশাআল্লাহ, আপনারা পাবেন।’

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ১০ আগস্ট নাচোল উপজেলায় ফ্যামেলী কার্ডের শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে তালা দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে নাচোলের ইউএনও প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিও জানানো হয়। ওই আন্দোলনে সামনের সারিতে ছিলেন আমানুল্লাহ আল মাসুদ।

ওই আন্দোলনে ইউএনওকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেহরাব জাকারিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সেই আদেশ প্রত্যাহার করা হলে তারা স্বপদে ফিরে যান।

এদিকে ফ্যামেলী কার্ড নিয়ে আমানুল্লাহ আল মাসুদের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপিরই এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে নাচোল উপজেলা বিএনপির ওই নেতা বলেন, সরকারকে বিতর্কিত করতেই এমন বক্তব্য দেওয়া হয়েছে। তার দাবি, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাচোল উপজেলায় ফ্যামেলী কার্ডের কার্যক্রম ইতোমধ্যে চলমান। প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভরভাবে পরিচালিত হবে এবং দল-মত নির্বিশেষে আর্থিক অবস্থা বিবেচনায় পর্যায়ক্রমে কার্ড দেওয়া হবে।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, ‘ফ্যামেলী কার্ড নিয়ে এরকম বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তিনি (আমানুল্লাহ আল মাসুদ) ফ্যামেলী কার্ডের মনিটরিং কমিটিতে আছেন। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি নাচোল উপজেলার দায়িত্বে আছেন। এ ধরনের বক্তব্য দিয়ে থাকলে এর দায়ভার তার নিজের।’

ইউএনও আরও বলেন, নাচোল উপজেলায় নিয়মতান্ত্রিকভাবে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহের কাজ চলছে।