সংবাদ শিরোনাম

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

উত্তরাখণ্ডে দুর্ঘটনা, উদ্ধার অভিযানে প্রশাসন ও সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

আন্তর্জাতিক

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যোশীমঠ-বদ্রীনাথ রুটে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিটে তুষারপাতের মধ্যে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এর গন্তব্য ছিল দেরাদুনের সহস্রধারা। যোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হাতি পর্বত এলাকায় সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড পরিচালিত হেলিকপ্টারটির কলসাইন ছিল ভিটি-এইচসিএক্স। এতে পাইলটসহ মোট ছয়জন পুরুষ আরোহী ছিলেন।

আরোহীরা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজা এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পুরো হেলিকপ্টার বহরের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান ও দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার জন্য রাজ্যের উদ্ধারকারী দলের পাশাপাশি সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে।

তবে হেলিকপ্টারের ছয় আরোহীর হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।