কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী ডা. মাইনুল ইসলাম শুভসহ আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান।
সন্ধ্যার পর ইজিবাইকে করে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলা মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।