দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

ডেক্স নিউজ
০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

জাতীয়

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

দেশে বর্তমানে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক ধান বিক্রি করতে চাইলে আরও বেশি ধান সংগ্রহ করা হবে। সরকার প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কিনবে।

এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ৪৮ টাকা কেজি দরে কেনা হবে।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। আর চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের অভাবে দেশে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিতে সরকার কাজ করছে।