কলাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, দুই সমিতি ও পাঁচ সমবায়ীকে সম্মাননা
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের পায়রা মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, খেপুপাড়া সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মো. নুরুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতারা অংশ নেন। এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় পরিচালিত প্রয়াস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং একতা, জনতা, সততা ও সমতা কো-অপারেটিভের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সমবায় খাতে অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ দুটি সমবায় সমিতি এবং পাঁচজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সমবায় আন্দোলনের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর জাতীয় সমবায় দিবস পালন করা হয়।