গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
ছবি-সংগৃহীত
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার মধ্যে ভারসাম্য রেখেই সরকার গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সরকার যাতে রাজনৈতিক উদ্দেশ্যে এসব আইনের অপব্যবহার করতে না পারে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে বাকস্বাধীনতা অক্ষুণ্ন রেখে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম কমিশন গঠন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত সংকটসহ গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকতার পরিচয় এবং অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা জরুরি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে অনেক অনলাইন সংবাদমাধ্যম সম্পর্কে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলেই বাকস্বাধীনতার প্রশ্ন সামনে আসে। তাই গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখেই সমস্যাগুলোর সমাধান করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার নামে অশালীন ভাষার ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ ও সাইবার হয়রানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আইনের অপব্যবহারের কোনো অভিপ্রায় সরকারের নেই।
নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, তাঁদের সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা, প্রশিক্ষণ এবং প্রকাশনা তালিকাভুক্তির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সরকার আন্তরিক। নারীদের অবহেলা করার কোনো মানসিকতা সরকারের নেই। বরং তাঁদের আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নারী ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আমলেই নারীদের অবৈতনিক শিক্ষাসহ নারী ক্ষমতায়নের ভিত্তি রচিত হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের নেতৃত্বের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এবং নিমকোর (NIMCO) উপমহাপরিচালক পদে নারীরা দায়িত্ব পালন করছেন। সরকারের মধ্যে নারী-পুরুষ বৈষম্যের কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু, সভাপতি ফাহমিদা আহমদ, সাধারণ সম্পাদক লাবিন রহমান, অর্থ সম্পাদক শাহনাজ পলি এবং সহসভাপতি শিরিন সুলতানা ও শারমিন রিনভী উপস্থিত ছিলেন।