মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

জাতীয়

মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী

 চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে মানবিক চিকিৎসাসেবা এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নীলক্ষেতে সন্ধানী ভবনে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সমাজের কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। কক্লিয়ার ইমপ্লান্ট, হার্টের ভালভ ও স্টেন্ট প্রদানের মতো মরণোত্তর চক্ষুদান এবং কর্নিয়া প্রতিস্থাপনের চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতেও সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানুষের শারীরিক ও সামাজিক সমস্যাগুলো সমাধান করা গেলে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরে আসতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

ভবিষ্যতের চাহিদা বিবেচনায় সন্ধানী চক্ষু সেবা কেন্দ্রের কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত দক্ষ সার্জন থাকলেও প্রয়োজনীয় কর্নিয়ার অভাবে বিদেশ থেকে তা আমদানি করতে হয়। দেশে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ মারা যান। তাদের মধ্যে মাত্র ২ শতাংশ মানুষ মরণোত্তর চক্ষুদান করলে বাংলাদেশে কর্নিয়া আমদানির প্রয়োজন হবে না।

বক্তারা আরও বলেন, রক্তদানে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করলেও সামাজিক কুসংস্কার ও ভীতির কারণে মরণোত্তর চক্ষুদানে এখনো কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। এ সময় জাতীয় সংসদে ‘অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০২৬’ পাস হওয়ায় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতি বছর ২ নভেম্বর ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ পালন শুরু হয়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির।

অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে সন্ধানী শিক্ষাবৃত্তির চেক এবং একজন মরণোত্তর চক্ষুদানকারীকে সম্মাননা কার্ড প্রদান করেন।