পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
৮ থেকে ১০টি গোডাউনে অভিযান, জব্দ সারের মধ্যে ৩৮৯ বস্তাই ডিএপি
পাবনা সদর উপজেলার শ্রীকোল বাজারে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন শ্রীকোল গ্রামের বাচ্চু মল্লিক (মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী), হেলাল মোল্লা (মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী) ও আসাদুজ্জামান কামাল। তাঁদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা এবং হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এনএসআই পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকোল বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের ৮ থেকে ১০টি গোডাউনে গোপনে মজুত রাখা ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়।
পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে জব্দ করা সারের মধ্যে রয়েছে ১২ বস্তা ইউরিয়া, ৩৮৯ বস্তা ডিএপি ও ৬৫ বস্তা এমওপি সার। পরে এসব সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম ও আতাইকুলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।