তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

ডেক্স নিউজ
১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

জাতীয়

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ুন্যায়বিচার এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ুন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিশ্বজুড়ে ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্য শূন্য লক্ষ্য বাস্তবায়নে দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জুবা জু ইদা রহমানের সঙ্গে জলবায়ুন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এমিনে এরদোয়ান। জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও এ কার্যক্রম যুক্ত রয়েছে।

কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যে এই বৈঠকে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।