শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

অনলাইন ডেক্স
১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

জাতীয়

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির পথ অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে করা আবেদনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার ক্ষেত্রে কিছু মৌলিক মানবাধিকারের প্রয়োগ সীমিত থাকবে—এমন বিধান দেশের সংবিধানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি কোনো কৌশলের অংশ কি না, সরকার তা খতিয়ে দেখবে বলে জানান তথ্য উপদেষ্টা।

দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে কোন আইনি প্রক্রিয়ায় দেশে আনা হবে, সেটিই মূল বিষয়। এ ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। এসব ঘটনায় মাফিয়া গোষ্ঠীর অর্থায়ন বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেবে।