প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: রিজভী
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফিরে আসা বা স্বেচ্ছায় প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সময়ের মতোই ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই দুঃশাসনের অবসান ঘটেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন নারী এত রক্তপাতের পর দেশ ছেড়ে পালিয়েছেন। অথচ এখন এমনভাবে কথা বলা হচ্ছে, যেন তাকেই গিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের যে লড়াই, সেখানে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৭ নভেম্বরের বিপ্লব থেকেই জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পেয়েছে।
এ সময় দেশে গোপনে কৌশলে বাল্যবিবাহ চলছে বলেও মন্তব্য করেন রিজভী। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।