২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
ছবি-সংগৃহীত
২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা অনুমোদন করেছে সৌদি আরব।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত হজযাত্রীর কোটা বাড়ানোর অনুরোধ জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বাড়ানোর সিদ্ধান্ত দেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
দুই দেশের বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও কোটা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে।
তবে অন্য কোনো দেশ তাদের জন্য নির্ধারিত হজ কোটা পূরণ করতে না পারলে বা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে সৌদি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আন্তরিকতার সঙ্গে আশ্বস্ত করেছেন।
হজের কোটা বৃদ্ধি ও সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর বাংলাদেশ থেকে আরও ৫ হাজার মানুষ অতিরিক্ত হজ পালনের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।