গাজায় খাবার বিতরণকারী গাড়িতে হামলা, নিহত ৩
গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হামলার শিকার গাড়ি। ছবি-সংগৃতীত (এএফপি)
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণকারী একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
শনিবার গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একই দিনে উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা ও গুলিতে আরও কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করছিল গাড়িটি। গাড়িটিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগোযুক্ত কিছু কাগজপত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ত্রাণ সংস্থাটি পরে নিশ্চিত করেছে, গাড়িটি তাদের নয়।
হামলার প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত গাজার বাসিন্দা আবুজেইন আল-দায়া বলেন, দরিদ্র ও তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য গাড়িটি ব্যবহার করা হচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার উদ্দেশ্যে একটি স্থানে যাওয়ার সময় গাড়িটিতে হামলা হয়।
গাজার বিভিন্ন এলাকায় হতাহত
উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। পরে তাকে গাজা নগরীর আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। আহতদের নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলির ভাষ্য, যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার বাসিন্দাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আসেনি। হামলা ও গুলির আশঙ্কা এখনো তাদের নিত্যদিনের বাস্তবতা হয়ে রয়েছে।
পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা
গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার গভীর রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে হামজা মাসউদ সালিম আবদো (৪২) নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, নিহত ব্যক্তির মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এসব ঘটনায় অভিযোগ জানাতে গিয়ে অনেক সময় ফিলিস্তিনিরা আটক ও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন বলে অভিযোগ রয়েছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় যুক্তরাজ্যসহ ইসরায়েলের কয়েকটি মিত্র দেশও উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
শীত ও মানবিক সংকটে বিপর্যস্ত গাজা
শীতকালীন আবহাওয়া গাজার মানবিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, জ্বালানির সংকটে ফিলিস্তিনিদের অনেকে রান্নার জন্য আবর্জনা পোড়াতে বাধ্য হচ্ছেন।
ডব্লিউএফপির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, বৃষ্টির কারণে সেই আবর্জনাও এখন ভিজে গেছে, ফলে রান্নার সংকট আরও তীব্র হচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের বিধিনিষেধের কারণে মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো সম্ভব হচ্ছে না।
ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় নিহত শিশুর সংখ্যা প্রায় ২২ হাজার
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ২২ হাজার শিশু নিহত হয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত তথ্যে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ২১ হাজার ৯৭৬ শিশু প্রাণ হারিয়েছে।
মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে যুদ্ধ চলাকালে জন্ম নেওয়া ৬১২ শিশুও রয়েছে। তাদের মধ্যে ৪৪৮ জনের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যু হয়েছে।
এদিকে ফিলিস্তিনি বন্দীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখনো প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দী রয়েছে। এসব শিশুর ওপর নির্যাতন ও পর্যাপ্ত খাবার না দেওয়ার অভিযোগও করেছে সংগঠনগুলো।