আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: খুলনা জেলা কারাগার-২-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
খুলনা ব্যুরো :
২১ ফেব্রুয়ারি— মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা জেলা কারাগার-২ (মেট্রোপলিটন)-এ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে কারা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা মাতৃভাষা বাংলা রক্ষায় ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। তাঁদের আত্মদান বাঙালি জাতির অহংকার ও প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে জেল সুপার মোঃ আবু ছায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও কারা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। গম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।