ঈশ্বরদীতে চাঁদাবাজ দমনে পদক্ষেপের ঘোষণা এমপি আবু তালেবের

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন   |   রাজশাহী

ঈশ্বরদীতে চাঁদাবাজ দমনে পদক্ষেপের ঘোষণা এমপি আবু তালেবের

মোঃআশরাফুল ইসলা(পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদী নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল শপথ নেওয়ার পর এলাকায় এসে সংবর্ধনা পেয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ঈশ্বরদীতে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাডুলি বাজারে পৌঁছালে আগে থেকেই অপেক্ষমাণ নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে শহরে আনা হয়। শহরের আলহাজ্ব মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন, সরকার গঠন করতে না পারলেও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কাজ করবে তাঁর দল। বিশেষ করে ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় চাঁদাবাজি দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, শপথ নেওয়ার পরই রেল মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলে রেলগেট-সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া হাসপাতাল, সড়কসহ অবহেলিত খাতগুলোর উন্নয়নে কাজ করার কথাও জানান।

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, ওই আন্দোলন না হলে নির্বাচনের সুযোগ নাও আসতে পারত। ‘সংবিধান সংস্কার পরিষদ’ বাস্তবায়নের প্রশ্নে বিএনপির শপথ না নেওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন এবং দলটিকে শপথ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কারণে অনেকের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিজের বিরুদ্ধে ওঠা একটি মন্তব্যকে তিনি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন।