আজ রাতে পুষ্পার্ঘ্য অর্পণ,শনিবার সকালে আলোচনা সভা দুপুরে দোয়া মাহফিল

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন   |   খুলনা

আজ রাতে পুষ্পার্ঘ্য অর্পণ,শনিবার সকালে আলোচনা সভা দুপুরে  দোয়া মাহফিল

খুলনা ব্যুরো :

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এই চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। একুশের কর্মসূচিকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিতি এবং রাত ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ। 

২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ১৫ রমজানের মধ্যে মহানগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##