বিশ্বকাপের আগে ভিন্ন বাস্তবতা! প্রতিপক্ষ মরক্কোর ফুটবলার খেলছেন ব্রাজিলের ক্লাবে

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   খেলাধুলা

বিশ্বকাপের আগে ভিন্ন বাস্তবতা! প্রতিপক্ষ মরক্কোর ফুটবলার খেলছেন ব্রাজিলের ক্লাবে

শাহানুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যখন জাতীয় দলগুলোর প্রস্তুতি ও শক্তি যাচাই চলছে, ঠিক সেই সময় ভিন্ন এক বাস্তবতা সামনে আনল ক্লাব ফুটবল। বিশ্বকাপের সম্ভাব্য প্রতিপক্ষ মরক্কোর এক অভিজ্ঞ ফুটবলার এখন খেলছেন দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের ক্লাবে। দক্ষিণ আমেরিকার ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে একের পর এক কৌশলী সিদ্ধান্ত নিচ্ছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব Corinthians। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২৬ মৌসুমের জন্য ষষ্ঠ চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে দলে ভিড়েছেন মরক্কোর অভিজ্ঞ মিডফিল্ডার Zakaria Labyad।


ক্লাব সূত্রে জানা গেছে, লাবিয়াদের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত। ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকা এই মরক্কান মিডফিল্ডার আক্রমণভাগে সৃজনশীলতা ও মাঝমাঠে ভারসাম্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করিন্থিয়ান্সের কোচিং স্টাফের।লাবিয়াদের যোগদানে করিন্থিয়ান্সের মাঝমাঠে গতি ও কৌশলের নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ, পাসিং একিউরেসি এবং অভিজ্ঞতার দিক থেকে তিনি দলে বাড়তি শক্তি জোগাবেন।করিন্থিয়ান্সে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়ায় লাবিয়াদ বলেন,

ব্রাজিলের ফুটবল বিশ্বজুড়ে সম্মানিত। করিন্থিয়ান্সের মতো বড় ক্লাবে খেলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। দলের লক্ষ্যে অবদান রাখাই আমার প্রধান উদ্দেশ্য।বিশ্বকাপের আগে এমন বাস্তবতা ফুটবলের বৈশ্বিক সংযোগকেই যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বী হলেও, ক্লাব ফুটবলে একই পতাকার নিচে লড়াই—এই বৈপরীত্যই ফুটবলকে করে তুলেছে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয়।