কেসিসি'র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উদাত্ত আহ্বান
মাসুদ আল হাসান, খুলনা :
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর শহিদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো. মোখতার আহমেদ সভাপতিত্ব করেন। তিনি বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ সময়ে খাবার গ্রহণে সংযমী হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ করলেও বেশি সওয়াব পাওয়া যাবে—এমন মন্তব্য করে তিনি প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে প্রতিদিনের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের নির্দেশ দেন।
প্রশাসক জানান, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান।
সভায় রমজান উপলক্ষে খুচরা পর্যায়ে প্রতিকেজি খাসির মাংস ১১০০–১২০০ টাকা, গরুর মাংস ৭৪০–৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮–৪৪ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৮০ টাকা নির্ধারণ করা হয়।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর এডিসি (দক্ষিণ) অমিত বর্মন, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।