বাগেরহাটে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ আটক ৩

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ আটক ৩


খুলনা ব্যুরো :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাটের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে  ৫টায় এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বাগেরহাট সদর থানাধীন দশানী এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহনের একটি বাস থেকে নামার পর সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় তাদের দখল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন—মো. আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) এবং জুবায়ের হোসেন (১৮)। আছাদ ও জাহিদের পিতা শহিদ ফকির ও মাতা ফিরোজা বেগম। অপর আসামি জুবায়ের হোসেনের পিতা মফিজ শেখ। তাদের সবার বাড়ি সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকায়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।