চাটমোহরে ডিলার পয়েন্ট থেকে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা
পাবনার চাটমোহরে সরকারি বরাদ্দের সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় ছাইকোলা ইউনিয়নের একটি সার ডিলার পয়েন্টের গোডাউন থেকে প্রায় ৬১১ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নে প্রদীপ কুমারের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ডিলার পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপি মিলিয়ে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। সোমবার সকাল থেকে ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার বিতরণ কার্যক্রম চলছিল। এ জন্য ইতোমধ্যে ১৭১টি মেমোও তৈরি করা হয়েছিল।
তবে সকাল সাড়ে ১১টার দিকে সার নিতে আসা কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত ও বিশৃঙ্খল হয়ে উঠলে ডিলার পয়েন্টের গোডাউনে থাকা প্রায় ৬১১ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ ব্যক্তিরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।
ইউএনও খালিদ হাসান জানান, ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ ব্যক্তিরা সার নিয়ে গেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় সরকার অতিরিক্ত সার বরাদ্দ দিয়েছে। সার বিতরণের সময় দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। এ সুযোগে কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে সার নিয়ে যান। পরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সংশ্লিষ্টদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সার বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে।